জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে প্রচার-প্রচারণা চালানোর সময় একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে এই হুমকি পেয়ে রাতেই তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতেতে উল্লেখ করেন, বিকেল অনুমানিক সাড়ে ৫টার সময় তিনি পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সময় অপরিচিত মুঠোফোন নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এদিকে, শনিবার রাত ১১টার দিকে আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, সারা দেশের মতো তার আসনেও শাপলা কলির নেতাকর্মীদের নানা সময়ে হুমকি দেওয়া হয়েছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, গোপনেও হুমকি দেওয়া হয়েছে।
আখতার বলেন, ‘ভয় দেখিয়ে, উড়ো কথা বলে, প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই আমাদের জয়যাত্রাকে থামিয়ে রাখা যাবে না। আমার প্রতিপক্ষ নানাভাবে কালোটাকা ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।’ তারই অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে। তিনি প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, ‘একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.