দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) রক্ষার দাবিতে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে আগামীকাল (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই ধর্মঘট শুরু হওয়ার কথা রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্কপ নেতারা এই আন্দোলনকে যৌক্তিক, সময়োপযোগী এবং জাতীয় স্বার্থনির্ভর বলে অভিহিত করেন।
বিবৃতিতে সংগঠনটির নেতারা জানান, গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনের চট্টগ্রাম সফরকালে তারা সংকটের শান্তিপূর্ণ সমাধানের আশা করেছিলেন। কিন্তু উপদেষ্টা আলোচনার পরিবর্তে সংবাদ ব্রিফিংয়ে ‘হার্ড লাইনে’ যাওয়ার ইঙ্গিত দেওয়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।
বিশেষ করে আন্দোলনের নেতা ইব্রাহীম খোকন ও হুমায়ুন কবিরসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদের তদন্তের নির্দেশকে ‘প্রতিহিংসাপরায়ণ ও উস্কানিমূলক’ পদক্ষেপ হিসেবে দেখছে স্কপ।
সংগঠনটি মনে করে, ন্যায্য দাবিকে দমন-পীড়নের মাধ্যমে থামিয়ে দেওয়ার চেষ্টা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
নৌপরিবহন উপদেষ্টার ‘চুক্তি তো হবেই, চুক্তি কেউ আটকাতে পারবে না’–এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছে স্কপ। নেতারা প্রশ্ন তোলেন, কোনো মহলের কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে জনমত ও জাতীয় নিরাপত্তাকে অগ্রাহ্য করে এনসিটি ইজারা প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার মরিয়া হয়ে উঠেছে কি না।
বিবৃতিতে বলা হয়, এনসিটি শুধু বাণিজ্যিক টার্মিনাল নয়, এটি কৌশলগত নিরাপত্তার স্তম্ভ। লাভজনক এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দিলে দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। নির্বাচনের প্রাক্কালে এমন স্পর্শকাতর বিষয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে সর্বদলীয় আলোচনার দাবি জানান তারা।
স্কপ অবিলম্বে এনসিটি ইজারা চুক্তির প্রক্রিয়া থেকে সরে আসার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকাল থেকে শুরু হওয়া ধর্মঘটের ফলে অর্থনীতি ও বাণিজ্যে কোনো অচলাবস্থা তৈরি হলে তার দায়ভার বন্দর কর্তৃপক্ষ ও নৌপরিবহন উপদেষ্টাকেই বহন করতে হবে।
বিবৃতিতে জাতীয়তাবাদী শ্রমিক দল, টিইউসি, ট্রেড ইউনিয়ন সংঘসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা দেশের সব সচেতন নাগরিককে জাতীয় স্বার্থ রক্ষার এই আন্দোলনে সংহতি জানানোর আহ্বান জানান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.