লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার ও শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোহাজারী গ্রামের মো. তুহিন ইসলাম (৩০), লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মুগলীবাড়ী বুড়িমারী গ্রামের সাদেকুল ইসলাম শাওন (৩৬), কালীগঞ্জ উপজেলার ইখোরকোল গ্রামের শিমুল মিয়া (২৮) এবং একই উপজেলার লতাবর গ্রামের মো. হাবিবুর রহমান (২৭)কে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথমে হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পের দোয়ানী চেকপোস্ট এলাকা থেকে তুহিন ইসলাম ও সাদেকুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (রেজিস্ট্রেশনবিহীন) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরে কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে শিমুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বসতবাড়ি থেকে একটি লাল-কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রাম থেকে মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে একটি কালো-সিলভার রঙের হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল (নাম্বার প্লেটবিহীন) উদ্ধার করে ডিবি পুলিশ।
লালমনিরাট ডিবি পুলিশ (ওসি) সাদ আহমেদ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.