উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে বড় ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, ইপিজেড সম্প্রসারণ, শিক্ষা-স্বাস্থ্যখাতের উন্নয়ন ও শিল্পকারখানা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী বড় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে এ অঞ্চলে বিনিয়োগ, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। দেশের উত্তরাঞ্চল সরাসরি আন্তর্জাতিক যোগাযোগের সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা হবে। ইপিজেড সম্প্রসারণ করে নতুন শিল্পকারখানা গড়ে তোলা হবে, যাতে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের মান উন্নয়নের মাধ্যমে মানুষের মৌলিক সেবা নিশ্চিত করা হবে।”
দীর্ঘ প্রায় ২২ বছর পর তারেক রহমানের নীলফামারী সফরকে ঘিরে সকাল থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে। জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল-শ্লোগানে মাঠে জড়ো হন হাজারো মানুষ। দলটির দাবি, প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হয়।
নারীদের উদ্যোশে তিনি বলেন, নারীকে কর্মের সাথে সম্পৃক্ত না করলে দেশ এগিয়ে যাবে না। খালেদা জিয়া বিনামূল্যে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি কার্ড প্রত্যেক কৃষক ভাইদের কাছে পৌঁছাতে চাই। এর মাধ্যমে সহজে ঋণ নেয়া যাবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষঋণ মওকুফ করতে চাই। এনজিও থেকে ক্ষুদ্র ঋণ যেসব নেয়া হয়েছে সেসব সরকারের হয়ে জনগণের পক্ষ থেকে পরিশোধ করতে চাই।
তারেক রহমান আরও বলেন, এই এলাকা কৃষি নির্ভর। কৃষকদের পাশে যেমন দাঁড়াবো তেমনভাবে এই এলাকায় কৃষিনির্ভর শিল্প বিকশিত করবো। যাতে কর্মসংস্থান হয়। বহু যুবক আছে যারা বেকার। যুবকদের ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক করতে চাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি। মানুষকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এই কাজ করতে হলে জনগণের সহযোগীতা লাগবে।
এদিকে সাধারণ ভোটাররা মনে করছেন, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হলে নীলফামারীসহ আশপাশের জেলার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
এসময়ে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, নীলফামারী ২ আসনের বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম তুহিনসহ চার আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.