গাজীপুরের টঙ্গীতে মহাসড়কের পাশে একটি মরা তাল গাছ ভেঙে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেট পিপলস সিরামিক সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর বয়স আনুমানিক ২৮ বছর হবে। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত আনসার সদস্যরা হলেন, সিফাত ও সামসুল ইসলাম।
আহত আনসার সদস্য সিফাত জানান, সহকর্মী সামসুলসহ ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা একটি মরা তালগাছ হঠাৎ ভেঙে আমাদের ওপর পড়ে। গাছটি তিন খণ্ড হয়ে যায়। একটি খণ্ড আমার সহকর্মীর ওপর এবং আরেকটি খণ্ড ওই যুবকের ওপর পড়ে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক পাপ্পু বলেন, অটো নিয়ে সড়ক অতিক্রম করার সময় তিনজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, এই ঘটনায় আহত সামসুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে আনার আগেই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহিন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.