অভিষেক ম্যাচেই গোল পেলেন আদেমোলা লুকম্যান। দলের হয়ে ভিন্ন পাঁচ ফুটবলারের গোলে বড় জয় পেল আতলেতিকো মাদ্রিদ। রিয়াল বেতিসকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে দিয়েগো সিমিয়নের দল।
বৃহস্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে বেতিসের মাঠে ৫-০ ব্যবধানে জয় পায় আতলেতিকো। টানা তৃতীয় মৌসুমে প্রতিযোগিতার শেষ চারে জায়গা করে নিল মাদ্রিদের ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় অতিথিরা। ১২ মিনিটে ডেভিড হানকোর গোলে এগিয়ে যায় আতলেতিকো। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান জিউলিয়ানো সিমিওনে।
৩৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে অভিষেক রাঙান লুকম্যান। শীতকালীন দলবদলের শেষ দিকে আতালান্তা থেকে আতলেতিকোতে যোগ দেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। নতুন দলে প্রথম ম্যাচেই গোল করে ভালো শুরু করলেন ২৮ বছর বয়সী লুকম্যান।
৬২ মিনিটে লুকম্যানের পাস থেকে ব্যবধান আরও বাড়ান আঁতোয়ান গ্রিজমান। ৮৩ মিনিটে থিয়াগো আলমাদার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।
এই জয়ে ২০১২-১৩ মৌসুমের পর প্রথমবার কোপা দেল রের শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আতলেতিকো। আজ হবে সেমিফাইনালের ড্র। শেষ চারে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ বার্সেলোনা, আতলেতিক বিলবাও কিংবা রিয়াল সোসিয়েদাদের মধ্য থেকে কোনো দল।
এদিকে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার রাতে আতালান্তার কাছে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। সেমিফাইনালে বোলোনিয়া অথবা ল্যাজিও’র মুখোমুখি হবে আতালান্তা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.