থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে কয়েক সপ্তাহের মধ্যে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, চিয়াং মাই প্রদেশের একটি পার্কে এই ঘটনা ঘটে। প্রাদেশিক প্রাণিসম্পদ কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষায় মারাত্মক সংক্রামক ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস এবং শ্বাসতন্ত্রে প্রভাব ফেলে এমন ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে।
জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতনামুংক্লানন বলেন, বাঘ অসুস্থ হলে তা দ্রুত শনাক্ত করা কঠিন। বিষয়টি বুঝে ব্যবস্থা নিতে নিতে অনেক দেরি হয়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, চিয়াং মাইয়ের টাইগার কিংডম সাফারি পার্কে বাঘগুলোর মৃত্যু হয়েছে। পার্কটির ওয়েবসাইটে দর্শনার্থীদের বাঘ স্পর্শ ও ছবি তোলার সুযোগের কথা উল্লেখ রয়েছে।
প্রাণী অধিকার সংগঠন পেটা এশিয়া জানিয়েছে, বাঘগুলো বন্দি ও অস্বস্তিকর পরিবেশে ছিল। সংগঠনটির মতে, পর্যটননির্ভর এমন স্থানে দর্শনার্থী কমে গেলে ব্যবসায়িক ক্ষতি হতে পারে, তবে এতে এ ধরনের নেতিবাচক ঘটনার ঝুঁকিও কমবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.