নরসিংদীর শিবপুরে মসজিদে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন মসজিদের খাদেম নাসির উদ্দীন নাসু মুন্সী (৭৫)। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের উপজেলার বাজনাব বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দীন নাসু মুন্সী বাজনাব চতলপাড়া এলাকার মৃত সানিস মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড জামে মসজিদের খাদেম হিসেবে কাজ করতেন।
তিনি জীবদ্দশায় অবিবাহিত ছিলেন।
নিহতের স্বজনরা জানান, ভোর রাতে সেহেরি খেয়ে মসজিদে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় রাস্তা থেকে ছিটকে পাশের গর্তে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর সকালে স্থানীয়রা রাস্তার পাশের গর্তে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এগিয়ে যান। পরে তারা নিশ্চিত হন, নিহত ব্যক্তি এলাকার বাসিন্দা ও মসজিদের খাদেম। খাদেমের লাশ দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং লাশ বাড়িতে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া বলেন, ধারাণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.