
দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
অভিযানে দু’জন আসামী আটক হয় এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৪ ফেব্রুয়ারি সকাল ১১টা ২০ মিনিটে কিশোরীগঞ্জ বিওপি’র একটি টহল দল বিরল উপজেলার সীমান্ত পিলার ৩৩১/৫-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আকরগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় ৩০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দু’জনকে আটক করা হয়। আটকরা হলেন আনিসুর রহমান (৪০), গ্রাম নোনাগ্রাম ও মো. মাসুদ পারভেজ (৪৫), গ্রাম পাকুড়া, উভয়েই বিরল উপজেলার বাসিন্দা।
পরে বিরল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের পরিচালনায় ভ্রাম্যমান আদালতে মো. আনিসুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং মো. মাসুদ পারভেজকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
একই দিনে দুপুর ১২টা ৪০ মিনিটে পরমেশ্বরপুর বিওপি’র টহল দল বোচাগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩১/৭-এস সংলগ্ন চালানদিঘী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
এছাড়া রাত ৮টায় এনায়েতপুর বিওপি’র টহল দল বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/৪-এস সংলগ্ন বামনগাঁও এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৪৬ হাজার ২০০ টাকা বলে জানায় বিজিবি।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.