আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবল। এই টুর্নামেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান।
এএফসি ২৭ ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণকারী দলগুলোকে টিম হোটেলে উঠাবে। এর আগে ছয় দিন বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় সিডনির ভ্যালেন্টাইন পার্কে ক্যাম্প করবে। তাই আফিদারা রাত সাড়ে বারোটার দিকে ভ্যালেন্টাইন পার্কে পৌঁছান।
বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী, ফুটবলাররা সবাই সুস্থ রয়েছেন এবং দীর্ঘ ভ্রমণের পর বিশ্রামে রয়েছেন। আগামীকাল অস্ট্রেলিয়া সময় সকাল নয়টায় বাংলাদেশ দলের অনুশীলন শুরু করার কথা রয়েছে।
প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাওয়া বাংলাদেশের সামনে বেশ কঠিন পরীক্ষা। আগামী ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়ান কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। আর ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মোকাবিলা করবে লাল-সবুজের দল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.