বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এক সময় নির্মূল হয়ে যাওয়া প্রাণঘাতী গুটিবসন্ত (স্মলপক্স) আবারও ভবিষ্যতে বৈশ্বিক মহামারির কারণ হয়ে উঠতে পারে। অথবা তার ঘনিষ্ঠ কোনো ভাইরাস সেই জায়গা নিতে পারে।
চিকিৎসাবিজ্ঞানে ভ্যারিওলা নামে পরিচিত স্মলপক্স ভাইরাসটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে পরিচালিত বৈশ্বিক টিকাদান কর্মসূচির মাধ্যমে ১৯৮০ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্ব থেকে নির্মূল ঘোষণা করা হয়। বর্তমানে এই ভাইরাসের নমুনা কেবলমাত্র অতি সীমিত কয়েকটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন গবেষণাগারে সংরক্ষিত রয়েছে।
তবে বিজ্ঞানীদের আশঙ্কা, স্মলপক্স নির্মূল হওয়ার পর দীর্ঘ সময় ধরে টিকাদান বন্ধ থাকায় মানুষের শরীরে পক্সজাতীয় ভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিক রোগপ্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে অর্থোপক্সভাইরাস পরিবারভুক্ত অন্যান্য ভাইরাস ভবিষ্যতে বড় ধরনের সংক্রমণ ছড়িয়ে দিতে পারে।
এই ভাইরাসগুলোর মধ্যে রয়েছে বর্তমানে পরিচিত মাঙ্কিপক্স, পাশাপাশি তুলনামূলক কম পরিচিত কাউপক্স, বাফালোপক্স ও ক্যামেলপক্স। বিশেষজ্ঞদের মতে, এসব ভাইরাস স্মলপক্সের শূন্যস্থান পূরণ করে নতুন বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
উল্লেখ্য, শুধু বিশ শতকেই স্মলপক্সে বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল, যা মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ মহামারি হিসেবে বিবেচিত। এ অভিজ্ঞতা সামনে রেখে বিজ্ঞানীরা নতুন করে পক্সজাতীয় ভাইরাসগুলোর ওপর নজরদারি এবং প্রতিরোধমূলক প্রস্তুতির প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.