নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে বল হাতে আলো ছড়িয়েছেন মারুফা আক্তার। তার এমন বোলিংয়ের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও। নারী টি-টোয়েন্টি বোলারদের তালিকায় উন্নতি করেছেন তিনি।
র্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন পেসার মারুফা আক্তার। থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে সমান তিনটি করে উইকেট শিকার করেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষেও একটি উইকেট পেয়েছেন। এমন পারফরম্যান্সে ২০৬ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে যৌথভাবে ৯২তম স্থানে অবস্থান করছেন এই পেসার।
মারুফা ছাড়াও উন্নতি করেছেন নাহিদা আক্তার। নেদারল্যান্ডসের বিপক্ষে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। তাতে ৮ ধাপ এগিয়েছেন ২৮তম স্থানে অবস্থান করছেন তিনি। আর লেগ স্পিনার স্বর্ণা ৪৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৪তম স্থানে।
নারী টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি ও দিলারা আক্তার।ক্যারিয়ার সেরা স্থানে জায়গা করে নিয়েছেন সোবহানা। বাছাই পর্বে সাত ম্যাচে ২৬২ রান করেন তিনি। ১৬ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন সোবহানা।
স্কটল্যান্ডের বিপক্ষে ৫৬ ও নেদারল্যান্ডস ম্যাচে ৫০ রান করেন জ্যোতি। তাতে তিন ধাপ এগিয়ে তিনি আছেন ১৯তম স্থানে। দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে এখন ৬৫ নম্বরে অবস্থান করছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.