রাজধানীর শ্যামপুর খন্দকার রোড এলাকায় এক ট্রান্সপোর্ট কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৯০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে খন্দকার রোডের শেখ কামাল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত ট্রান্সপোর্ট কর্মচারীর নাম মো. গোলাম কিবরিয়া (৪৫)। তিনি বংশাল বোরাক ট্রান্সপোর্টের কর্মচারী। বর্তমানে রাজধানীর শ্যামপুরের আলমবাগ এলাকায় তিনি থাকেন।
আহত কিবরিয়ার সহকর্মী মেহেদী হাসান জানান, কিবরিয়া রাতে চট্টগ্রাম থেকে ট্রান্সপোর্টের মালামাল নিয়ে ঢাকায় আসেন। পরে মালামাল আনলোড করে গাড়িভাড়া পরিশোধ করে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি শ্যামপুর খন্দকার রোডের শেখ কামাল স্কুলের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র ঠেকিয়ে তার সঙ্গে থাকা ৯০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তার বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কিবরিয়া জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি শ্যামপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.