ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেওয়া ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরুর হুমকিকে চ্যালেঞ্জ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই সতর্কবার্তা কতটা বাস্তব, তা শিগগিরই বিশ্ব দেখতে পাবে।
রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যে ইরানের কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে তিনি তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান।
এর আগে আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার বিরুদ্ধে ইরান কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি ইরানের তেল, গ্যাস ও খনিজ সম্পদ এবং ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায়।
এই বক্তব্যের মধ্যেই ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা বিবেচনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তুরস্ক, মিসর ও কাতারের উদ্যোগে আগামী সপ্তাহে আংকারায় বৈঠক আয়োজনের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।
এদিকে ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসার চাপ দিচ্ছেন। অন্যদিকে ইরানও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা, সেটা ছোট বা বড় হোক, তারা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবেই বিবেচনা করবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.