বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের পুনর্বাসন নিশ্চিত করা হবে। তাদের যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যও সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন আহতরা। সেখানে উপস্থিত হয়ে হাসনাত বলেন, "কাজ চলছে, ধৈর্য হারাবেন না। আমরা আপনাদের পাশে আছি।"
সরকারের ব্যর্থতার বিষয়টি স্বীকার করে হাসনাত বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসা দেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এর জন্য সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি দায়ী। সচিব ও আমলাদের ব্যর্থতা আমাদের হতাশ করেছে।" তিনি আরও বলেন, "আমি নিজেও ব্যথিত যে আমরা এই আহতদের যথাযথ চিকিৎসা দিতে পারিনি।"
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন আহতরা। সারাদিন বিভিন্ন স্থানে বিক্ষোভের পর রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন তারা।
আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।