দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজের পাশের বানিয়া খাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধারকৃত মরদেহ দুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটির গায়ে জ্যাকেট, গলায় মাফলার ও মাথায় টুপি ছিল।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তে পুলিশি তৎপরতা চলছে।
এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, কাঁকড়া নদী থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। চিরিরবন্দর থানাসহ পার্শ্ববর্তী থানাগুলোকে অবহিত করা হয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।