লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত এক বাংলাদেশি যুবক পুনরায় গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে দৈখাওয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্র জানায়, রাত ১২টা ১০ মিনিটের দিকে দৈখাওয়া বিওপির একটি টহলদল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। পরে সীমান্ত পিলার নম্বর ৯০২-এর কাছাকাছি এলাকায় গিয়ে কয়েকজন লোককে ছোটাছুটি করতে এবং গুলিবিদ্ধ এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।
এ সময় বিজিবির তত্ত্বাবধানে গুলিবিদ্ধ ওই যুবককে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তির নাম মো. রনি (২২)। তিনি হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে। বিজিবি জানায়, রনি সীমান্ত এলাকায় মাদক বহনকারী হিসেবে পরিচিত।
বিজিবি আরও জানায়, এর আগেও গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএসএফের ছররা গুলিতে আহত হয়ে রনি আত্মগোপনে চলে যান। পরে তার বাড়িতে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও প্রথমে তার বাবা ছেলের উপস্থিতির কথা অস্বীকার করেন। এরপর তিনি পলাতক অবস্থায় ছিলেন।
বর্তমানে রনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আপাতত আশঙ্কামুক্ত বলে জানিয়েছে বিজিবি। তার বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “বারবার সতর্ক করা সত্ত্বেও সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক।” তিনি সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের বিজিবিকে সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।