পঞ্চগড়ে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের শেরে বাংলা চত্বরে জাগ্রত পঞ্চগড় এর ব্যানারে এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেপরোয়া গাড়ি চালানো, অদক্ষ চালক, দ্রুতগামী মোটরসাইকেল, সড়কের বিভিন্ন স্থানে গর্ত, পর্যাপ্ত সিগন্যাল ও জেব্রা ক্রসিং না থাকা—এসব সমস্যার কারণে পথচারী ও যাত্রীদের জীবন সবসময় ঝুঁকিতে থাকে। তারা বলেন, “এ অঞ্চলে প্রতিনিয়ত ছোট–বড় দুর্ঘটনায় হতাহত হচ্ছে মানুষ। এখনই কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।”
বক্তারা আরও অভিযোগ করেন, অনেক পরিবহন চালক লাইসেন্স ছাড়াই গাড়ি চালান। তদারকির অভাবে তাদের বেপরোয়া আচরণ বন্ধ করা যাচ্ছে না। অতিরিক্ত যাত্রীবহন, অটোরিকশা ও মোটরসাইকেলের অনিয়ন্ত্রিত চলাচল, সড়কে ট্রাফিক পুলিশের সংকট—সব মিলিয়ে সড়কে শৃঙ্খলা ফিরে আসেনি।
এ সময় আয়োজকরা কয়েকটি দাবি তুলে ধরেন—
১. সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত সংস্কার ও চার লেন রাস্তা দ্রুত নির্মাণ করা
২. চালকদের লাইসেন্স যাচাই ও নবায়নের কঠোরতা
৩. ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং নিয়মিত অভিযান
৪. স্কুল–কলেজ এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সিগন্যাল ও ওভারব্রীজ নির্মাণ
৫. পথচারী বান্ধব ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলা
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইকবাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, এনসিপির বোদা উপজেলা সমন্বয়ক শিশির আসাদ,পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালযয়ের সিনিয়র শিক্ষক আবু তালেব, পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরাম সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবীব সরকার, জেলা আইনজীবী সমিতির জিপি আব্দুল বারী, অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন (এপিপি) জেলা ও দায়রা জর্জ আদালত পঞ্চগড়, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি বাবুল হকসহ আরও অনেকে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।