শীতকালে রান্না করা খাবার খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। কিন্তু হিমেল আবহাওয়ায় গরম ধোঁয়া ওঠা ভাত, রুটি, তরকারি বা মাংস না খেলে কি আর রসনাতৃপ্তি মেলে? ঠান্ডা হয়ে যাওয়া খাবার গরম করতে তাই কেউ কেউ ভরসা রাখেন ওভেন। যাদের ঘরে এই যন্ত্র নেই তারা চুলাতেই খাবার গরম করার কাজটি করে থাকেন। কিন্তু বার বার খাবার গরম করলে স্বাদ কিছুটা নষ্ট হয়ে যায়। তাহলে উপায়?
শীতে খাবার গরম করার সহজ কিছু উপায় রয়েছে। ওভেন ছাড়াও কীভাবে খাবার উষ্ণ রাখবেন—জানুন তার কায়দা।
পাত্র গরম করে নিন
খাবার রাখার পাত্র আগে গরম করে নিন। একটি পাত্রে গরম পানি ঢেলে কয়েক মিনিট রেখে দিন। এরপর পানি ফেলে গরম খাবার সেই উষ্ণ পাত্রে ভরে দিন। এতে খাবার অনেকক্ষণ তাপ ধরে রাখবে। সবচেয়ে ভালো হয় যদি স্টিলের পাত্র ব্যবহার করেন।
সরাসরি ঠান্ডা স্টিলের বাটি বা পাত্রে খাবার রাখবেন না। প্রথমে পাত্রে গরম পানি ঢেলে অপেক্ষা করুন। এরপর পানি ফেলে সঙ্গে সঙ্গে গরম খাবার রেখে দিন। এই পদ্ধতিতে খাবার অনেকক্ষণ গরম থাকে।
ঢাকনা দিয়ে ঢেকে দিন
রান্না শেষ হতেই সঙ্গে সঙ্গে খাবারটি ঢেকে দিন। ঢাকনা আঁটসাঁট থাকলে বাষ্প বের হতে পারে না, ফলে খাবার নিজের তাপেই গরম থাকে বেশ খানিকক্ষণ। উপরন্তু শুকিয়ে যাওয়ার সমস্যাও দেখা দেয় না। রুটি-পরোটার ক্ষেত্রে নরম সুতির কাপড়ে রুটি জড়িয়ে হটপটে ভরে রাখুন।
অ্যালুমিনিয়াম ফয়েল
খাবারের উত্তাপ ধরে রাখার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল বহুল ব্যবহৃত হয়। অনেক রেস্টুরেন্টেই খাবার পার্সেলের ক্ষেত্রে এমন বক্সে দেওয়া হয়। এতে খাবার দীর্ঘসময় গরম থাকে। রুটি, পরোটা, রোল, কাটলেট, কবাবের ক্ষেত্রে এই টোটকা কার্যকরী হতে পারে।, আঁটসাঁট করে খাবারটি মুড়িয়ে রাখুন। গরম থাকবে।
মোটা কাপড়ের ব্যাগ
খাবার বাইরে নিতে ইনসুলেশন-যুক্ত ব্যাগ বা মোটা কাপড়ের মোড়ক ব্যবহার করুন। এতে বাইরের ঠান্ডা বাতাস ভিতরে ঢুকবে না আর ভেতরের গরম বাষ্প বাইরে বের হতে পারবে না। ফলে খাবার অনেকক্ষণ উষ্ণ থাকবে।
এই সহজ উপায়গুলো মানলে শীতে বার বার খাবার গরম করার ঝক্কি পোহাতে হবে না।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।