বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সকাল-সন্ধ্যার বাতাসে এখনই অনুভূত হচ্ছে হালকা শীতের পরশ। তবে দিনভর সূর্যের তেজে তাপমাত্রা থাকছে ২৭ থেকে ২৯ ডিগ্রির ঘরে। ফলে জেলার জনজীবনে তৈরি হয়েছে শীত ও গরমের মিশ্র আবহ।
আজ বৃহস্পতিবার (২৭নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সকালবেলা স্কুলগামী শিশু, ভোরের শ্রমজীবী মানুষ আর চা-বাগানের শ্রমিকদের গায়ে এখন দেখা যাচ্ছে জ্যাকেট ও সুয়েটার।
চা শ্রমিক সুলতান মাহমুদ বলেন, ভোরে চা পাতা কাঁটার কাজ শুরু করতে গেলে ঠান্ডা লাগে। পুরো শরীর কুয়াশার পানি পড়ে হাত মুখ ভিজে যায়।
একইভাবে রিক্সাচালক আজিজুল বলেন,সকালে রিক্সা নিয়ে বের হলে হাত কাঁপে। রোদ উঠলে আবার গরম লাগে। এই সময়টা কেমন যেন অদ্ভুত লাগে।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন,বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে তা আরও নেমে আসতে পারে। এরপর ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।