২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর। তবে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৪৮টি দলের মধ্যে এখনো সব দলের জায়গা নিশ্চিত হয়নি। এখন পর্যন্ত বাছাইপর্ব শেষে ৪২টি দল আসন্ন বিশ্বকাপ আসরের টিকিট নিশ্চিত করেছে। মঙ্গলবার ও বুধবার নতুন করে আরও ৮টি দল কোয়ালিফাই করেছে। বাকি ৬টি দল প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে।
২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন কিছুটা দেরিতে তাদের বাছাই অভিযান শুরু করার পর অবশেষে গতকাল তুরস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেই তারা ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয়। এতে স্প্যানিশদের টানা অপরাজেয় থাকার সংখ্যা দাঁড়াল ৩১ ম্যাচে—যা শুরু হয়েছিল ২০২৩ সালের নেশনস লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে।
ইউরোপ অঞ্চল থেকে বেলজিয়াম, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড ও অস্ট্রিয়া মূলপর্বে জায়গা করে নিয়েছে। এর আগের দুদিন নরওয়ে, নেদারল্যান্ডস ও জার্মানিও নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপ। সব মিলিয়ে ইউরোপ বাছাই থেকে ১২ দল ইতোমধ্যেই জায়গা পেয়ে গেছে।
গতকাল লিচেনস্টাইনের বিপক্ষে ৭–০ গোলে জিতে বেলজিয়াম ‘জে’ গ্রুপে শীর্ষে থেকে কোয়ালিফাই করে। কসোভোর সঙ্গে ১–১ ড্রয়ে সুইজারল্যান্ড ‘বি’ গ্রুপে, ডেনমার্ককে ৪–২ গোলে হারিয়ে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে এবং বসনিয়ার সঙ্গে ড্র করে অস্ট্রিয়া ‘এইচ’ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে।
ইউরোপ থেকে আরও চারটি দল প্লে-অফ খেলে প্রধান পর্বে জায়গা পাবে। ১২ গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি কোয়ালিফাই করেছে। গ্রুপের রানার্স-আপ ১২ দল এবং ২০২৪–২৫ নেশনস লিগের শীর্ষ চারটি গ্রুপজয়ী—যারা বাছাইয়ে গ্রুপে প্রথম দুইয়ে থাকতে পারেনি—মিলে প্লে-অফে অংশ নেবে। এই প্লে-অফ ম্যাচগুলো হবে আগামী ২৬ ও ৩১ মার্চ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।