ঠাকুরগাঁওয়ে শীতের আমেজ বাড়তেই গ্রামাঞ্চলে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির ব্যস্ততা। ভোরের কুয়াশা ভেদ করে খেজুর গাছ থেকে ঝরা টাটকা রস নিয়ে গাছি ও কৃষকেরা ছুটে চলেন চুলার কাছে। খড়ির চুলায় ধোঁয়ার ডালা ভেসে ওঠে, আর ফুটতে থাকা রসের ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে—শীতের আগমনী বার্তা যেন এভাবেই জানান দেয়।
গাছিরা জানান, প্রতিদিন ভোরে রস সংগ্রহের পর দুপুর থেকে রাত পর্যন্ত জ্বাল দিয়ে তৈরি করা হয় খাঁটি পাটালি ও দানাদার গুড়। শীতের শুরুতেই বাজারে উঠেছে নতুন গুড়, আর তা কিনতে স্থানীয়দের ভিড়ও চোখে পড়ার মতো।
স্থানীয়দের মতে, প্রতি বছর শীত নামলেই খেজুরের রস ও গুড়কে ঘিরে গ্রামজুড়ে জমে ওঠে উৎসবের আমেজ। একইসঙ্গে ছোট-বড় অসংখ্য পরিবারও এই মৌসুমি পেশায় যুক্ত হয়ে বাড়তি আয় করেন।
নাটোরের লালপুর থেকে এসে কাজ করা মোঃ জিল্লুর রহমান বলেন,
এখানে আমাদের প্রায় ৭৫০ থেকে ৮০০টি গাছ আছে। রস আমরা বিক্রি করি লিটার প্রতি ১০০ টাকায়, আর গুড় কেজি প্রতি ৩০০ টাকা। আমাদের বানানো গুড় সম্পূর্ণ খাঁটি, সুস্বাদু। এখন শুধু স্থানীয় বাজারই নয়—পাশের জেলাগুলোতেও এসব গুড় পাঠানো হচ্ছে।”
শীতের এই সময়ে খেজুরের রস ও গুড় তৈরির কর্মযজ্ঞে আবারও প্রাণ ফিরে পেয়েছে ঠাকুরগাঁওয়ের গ্রামাঞ্চল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।