ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে লেইট প্রদেশের সান ফ্রান্সিসকো শহরের কাছে ভূকম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি।
সংস্থাটি ভূমিকম্পের ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও আফটারশকের বিষয়ে সতর্কতা জারি করেছে।
সান ফ্রান্সিসকোর পুলিশ প্রধান বার্নি ক্যাটিগ জানিয়েছেন, ভূমিকম্পটি সংক্ষিপ্ত হলেও বেশ শক্তিশালী ছিল। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "ভূমিকম্পটি শক্তিশালী ছিল, আমাদের তাকের কিছু ছবির ফ্রেম পড়ে গিয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।"
উল্লেখ্য, ফিলিপাইনে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় প্রায়শই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।