বিশ্বকাপ বাছাইপর্বে আরও একবার হতাশ হতে হলো পর্তুগালকে। রোনালদোর জোড়া গোলের পরও শেষ মুহূর্তে গোল খেয়ে হাঙ্গেরির সঙ্গে ২-২ গোলে ড্র করতে হয়েছে তাদের।
লিসবনে ‘এফ’ গ্রুপের ম্যাচটি শুরু থেকেই ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। ম্যাচের অষ্টম মিনিটেই হাঙ্গেরিকে এগিয়ে দেন আটিলা সালাই। লিভারপুল তারকা ডমিনিক সোবোসলাইয়ের কর্নার থেকে হেডে গোল করেন তিনি।
তবে ১৪৩ গোল করা পর্তুগিজ তারকা রোনালদো ম্যাচে ফেরান সমতা। ২২তম মিনিটে নেলসন সেমেদোর ক্রস থেকে গোল করে পর্তুগালকে ১-১ এ ফেরান রোনালদো। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপ বাছাইপর্বে এককভাবে সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ড গড়েন।
প্রথমার্ধের যোগ করা সময়েই রোনালদো ফের জ্বলে ওঠেন। নুনো মেন্দেসের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে পর্তুগালকে ২-১ এ এগিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি পর্তুগাল। উল্টো ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটেই ডান পাশ থেকে আসা নিচু ক্রসে স্লাইড করে গোল করেন হাঙ্গেরির ডমিনিক সোবোসলাই। ফলে ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।
এই ম্যাচে পর্তুগাল মহাতারকা ৪০ বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। গুয়েতামালার কার্লোস রুইজকে পেছনে গেলে এককভাবে এই রেকর্ড এখন তার। বাছাইপর্বের ইতিহাসে রোনালদোর গোল এখন ৪১টি, রুইজের ৩৯। বাছাইপর্বে লিওনেল মেসির গোল সংখ্যা ৩৭। মেসি-রোনালদোর আগামী বিশ্বকাপেই সমাপ্তির আভাস স্পষ্ট। কাজেই রেকর্ডটি ভাঙার জন্য আশেপাশে আপাতত কেউ নেই।
এদিকে এই ড্রয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকলো পর্তুগাল। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি। দিনের অন্য ম্যাচে ১০ জনের আর্মেনিয়াকে ১-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে আয়ারল্যান্ড। রোনালদোর রেকর্ডের রাতেও বিশ্বকাপ নিশ্চিত করতে না পারায় অপেক্ষা বাড়লো পর্তুগালের জন্য।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।