উত্তর কোরিয়া ‘হোয়াসং-২০’ নামে নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে, যা দেশটির দাবি অনুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানী পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজে এই ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, কুচকাওয়াজে দীর্ঘ পাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, উন্নত ড্রোন ও লঞ্চ যানসহ বিভিন্ন আধুনিক অস্ত্র প্রদর্শন করা হয়। তবে মূল আকর্ষণ ছিল ১১-অ্যাক্সেল লঞ্চার ট্রাকে স্থাপিত হোয়াসং-২০ আইসিবিএম, যাকে ‘সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা’ বলে উল্লেখ করেছে কেসিএনএ।
সম্প্রতি উত্তর কোরিয়া নতুন একটি সলিড-ফুয়েল রকেট ইঞ্জিন পরীক্ষার ঘোষণা দিয়েছিল, যা কার্বন ফাইবার দিয়ে তৈরি এবং ১ হাজার ৯৭১ কিলোনিউটন শক্তি উৎপাদনে সক্ষম—দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী রকেট ইঞ্জিন হিসেবে একে বর্ণনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক অঙ্কিত পান্ডা বলেন, “হোয়াসং-২০ উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক অস্ত্র সক্ষমতার উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। বছরের শেষ নাগাদ এটির পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখা যেতে পারে।”
বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তৈরি, যা শত্রু দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হতে পারে। পান্ডা আরও বলেন, “এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বিদ্যমান মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে এবং কিম জং উনের দৃষ্টিতে এটি হবে একটি কার্যকর প্রতিরোধ ক্ষমতা।”
কুচকাওয়াজ-পরবর্তী ভাষণে কিম জং উন বলেন, “আজ আমরা বিশ্বের সামনে এমন এক শক্তিশালী জাতি হিসেবে দাঁড়িয়েছি, যার অগ্রযাত্রা থামানোর ক্ষমতা কারও নেই। উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক শক্তির বিশ্বস্ত সদস্য ও পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে স্বাধীনতার দূর্গ হিসেবে কাজ করছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।